ইলিয়াস আলীকে ফিরে পেতে মিলাদ ও দোয়া
‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, তাঁর গাড়িচালক আনসার আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ ও জুনেদ আহমদকে ফিরে পেতে মিলাদ মাহফিল করেছে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’।
গতকাল রোববার ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ৪৫ মাস অতিবাহিত হয়েছে। এ জন্য ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে দুপুরে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, এমরান আহমদ চৌধুরী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া, ইলিয়াস আলীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী তাঁর গাড়িচালকসহ নিখোঁজ হন। একই বছরের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ ও ছাত্রদল কর্মী জুনেদ আহমদ।
আন্দোলন দমন করতে ইলিয়াসকে সরকারই ‘গুম’ করেছে বলে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সেই থেকে তাঁর সন্ধানের দাবিতে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ গঠন করে প্রতিবছর সিলেটে নানা কর্মসূচি পালিত হয়ে আসছে।
জানতে চাইলে ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ূম প্রথম আলোকে বলেন, ‘৪৫ মাস হলেও মানুষ এখনো ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা ছাড়েনি, আমরাও তাই তাঁকে ফিরে পাওয়ার আশায় আছি।’