বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদ যুক্তরাজ্যকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাঁকে খুঁজে বের করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে নিয়মিতভাবে উত্থাপন করে যাবে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন। রবার্ট গিবসন বলেন, বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং ধর্মীয় আচার পালনের স্বাধীনতা থাকলেও মানবাধিকার ও আইনের শাসন ঠিকমতো কাজ করছে না বলে অনেকে মনে করেন। ইলিয়াস আলীসহ সাম্প্রতিক সময়ে গুমের বিষয়কে তিনি কীভাবে দেখেন, জানতে চাইলে এই কূটনীতিক বলেন, ‘ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের নিখোঁজ হওয়ার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ জন্য তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করেছি। তাঁরা কেন নিখোঁজ হয়েছেন এবং তাঁদের খুঁজে পেতে সম্ভাব্য সবকিছু করতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। ভবিষ্যতেও বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে উত্থাপন করে যাব।’বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে তাঁর মতামত জানতে চাইলে গিবসন সরাসরি নিজের কোনো মতামত জানাননি। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে অবাধ গণমাধ্যম জরুরি বলে মত দেন যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের প্রধান চালিকাশক্তি হিসেবে অবাধ ও স্বচ্ছ গণমাধ্যমকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি। কারণ, একটি দেশের বিবেক ও কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম।’জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। সূচনা বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জহিরুল আলম।