ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংশয়
বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল সোমবার প্রথম র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইলিয়াস আলী আদৌ গুম হয়েছেন কি না, সে বিষয়ে আমার সংশয় রয়েছে।’ তিনি বলেন, ইলিয়াস আলীরা যখন ক্ষমতায় ছিলেন, তখন অপারেশন ক্লিন হার্টের নামে অনেক হত্যাকাণ্ড হয়েছে। সে সময় ক্ষমতার অনেক তাণ্ডব দেখানো হয়েছে। তাতে অনেকেই গুম হয়েছিলেন। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, নাকি তিনি নিজেই গুম হয়েছেন—এটা আসলে দেখার বিষয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্টের নামে বিশেষ অভিযানে অনেক বিচারবহির্ভূত হত্যা এবং অনেককে পঙ্গু করা হয়েছে। এসব ঘটনা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হবে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মহীউদ্দীন খান আলমগীর গতকাল প্রথম কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে যান। বেলা সোয়া ১১টায় তিনি সেখানে পৌঁছালে র্যাবের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বেলা একটার দিকে তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত। তিনি দাবি করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড খুবই কম হয়েছে। সব ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞায় পড়ে না। ডাকাত, জঙ্গি, অপহরণকারীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের বিষয়টি বিচারবহির্ভূত নয়।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত বিষয়ে মহীউদ্দীন খান আলমগীর বলেন, মামলাটি আদালতের নির্দেশে র্যাব তদন্ত করছে। অতিসত্বর এই হত্যার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না।