ইলিয়াস আলীর সংশ্লিষ্টতা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গুলশান সেন্টারে ২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে মামলার সম্পূরক অভিযোগপত্রে নতুন দুই ব্যক্তি তাজউদ্দিন ও কাশ্মীরি জঙ্গি মো. আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাটকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী অভিযোগপত্রটি দাখিল করেন।২০০৪ সালে গুলশান সেন্টারে নগর আওয়ামী লীগের সভা চলাকালে গ্রেনেড হামলায় সিলেট নগর আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত হন। আহত হন নগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও দলটির বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। ওই ঘটনায় সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। মামলাটি পরে সিআইডিতে স্থানান্তর করা হয়। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক জুবের আহমদ আদালতে মামলার প্রথম অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, সংগঠনটির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম, হুমায়ুন কবীর, মুফতি মঈন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, মফিজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, আহসান উল্লাহ ও ফখরুল ইসলামকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে হুমায়ুন কবীর পলাতক। বাকি সবাই কারাবন্দী। সিআইডি সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মিসবাহউদ্দিন সিরাজ সিলেটে পিপি (সরকারি কৌঁসুলি) নিযুক্ত হন। হামলার মদদদাতাদের খুঁজে বের করতে ২০১০ সালের ২ আগস্ট আদালতে রাষ্ট্রপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়েছিল, জঙ্গি শরীফ শাহেদুল আলম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, তিনি সিলেটে ‘আলী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর। তাই জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় ইলিয়াস আলীর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।আদালতের নির্দেশনা অনুযায়ী সহকারী পুলিশ সুপার রওনকুল হক অধিকতর তদন্ত করেন। ওই হামলায় বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর সংশ্লিষ্টতা মেলেনি উল্লেখ করে সিআইডি সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইলিয়াস আলীর নামে হলেও সেটি পরিচালনা করেছেন বিভিন্নজন। সর্বশেষ নেত্রকোনার একজন ঠিকাদার এটি পরিচালনা করেন।নতুন করে অভিযুক্ত দুই ব্যক্তির বিষয়ে সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, মাজেদ ভাট একজন কাশ্মীরি জঙ্গি। তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাঁর সঙ্গে লস্কর-ই-তৈয়বা, তালেবানসহ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ ছিল। পাকিস্তান থেকে যেসব গোলাবারুদ ও গ্রেনেড বাংলাদেশে ঢুকেছে, সেসব তাঁর মাধ্যমে এবং তাজউদ্দিন ও মুফতি হান্নানের সহায়তায় এসেছে। গুলশানের হামলায় ব্যবহূত গ্রেনেডও এভাবেই এসেছিল। তদন্ত কর্মকর্তা বলেন, নতুন করে অভিযুক্তদের মধ্যে তাজউদ্দিন পলাতক। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায়ও তিনি অভিযুক্ত।