ইলিয়াস আলীর সন্ধান দাবি, বিক্ষোভ সমাবেশ
ইলিয়াস আলী ‘নিখোঁজের’ এক বছর অতিবাহিত হওয়ার দিন গতকাল বুধবার সিলেট নগরে সমাবেশ করেছে মহানগর বিএনপি। সিলেটের বিশ্বনাথ, সুনামগঞ্জেও তাঁর সন্ধান দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিএনপি আয়োজিত সামবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি এম এ হক। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, নগর বিএনপির নেতা আতিকুর রহমান, মাহবুব কাদির প্রমুখ। সমাবেশে টেলি কনফারেন্সের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে শমসের মবিন চৌধুরী বক্তব্য দেন। বক্তারা বলেন, ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হবে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার মিছিল ও ছাত্রসমাবেশ হয়েছে। বেলা আড়াইটার দিকে মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা সভাপতি জালাল উদ্দিন।সুনামগঞ্জ শহরে মিছিল ও সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ। মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ হয়। সংগঠনের আহ্বায়ক এ টি এম হেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন প্রমুখ।