ইলিয়াস আলীর সন্ধান দাবিতে অনশন, সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের বিশ্বনাথে প্রতীকী গণ-অনশন ও গোয়াইনঘাটে সভা হয়েছে। এসব কর্মসূচিতে পবিত্র ঈদুল আজহার আগে অক্ষত অবস্থায় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিশ্বনাথে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের (নিজাম-আব্বাস) উদ্যোগে গণ-অনশন পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ নুরউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুরমান খান, মুসলিম আলী, গোবিন্দ মালাকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামছুল ইসলাম প্রমুখ। বেলা তিনটায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার তাঁদের ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান।অপরদিকে গোয়াইনঘাটে ইলিয়াস আলীর সন্ধান দাবি ও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাসনের প্রতিবাদে উপজেলা বিএনপি ও পশ্চিম জাফলং সীমান্তবাসীর উদ্যোগে সভা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় পশ্চিম জাফলং ইউনিয়নের বগলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত না দেওয়া পর্যন্ত সিলেটের মানুষ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে।