ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে 'পদযাত্রা' ও লংমার্চ
সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ থেকে সিলেটের লামাকাজি পর্যন্ত পাঁচ কিলোমিটার হেঁটে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করেছেন বিএনপির নেতা-কর্মীসহ সহস্রাধিক মানুষ। গতকাল বুধবার সুনামগঞ্জ-৪ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপির সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়।
এদিকে একই দাবিতে বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক উপজেলা বিএনপি যৌথ উদ্যোগে লংমার্চ কর্মসূচি পালন করেছে। ওই পদযাত্রা ও লংমার্চ বিশ্বনাথে মিলিত হওয়ার পর সেখানে সমাবেশ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। তাঁকে সরকারই গুম করেছে বলে দাবি করে প্রায় আড়াই বছর ধরে হরতালসহ সিলেটে ধারাবাহিকভাবে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারবাহিকতায় গতকাল বিএনপির পক্ষ থেকে ওই কর্মসূচিগুলো পালন করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ মোড় থেকে শুরু হয় সিলেটমুখী পদযাত্রা। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় জনসাধারণও তাতে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনকারীরা ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি মোড়ে পৌঁছান। সেখানে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমদ, বিশ্বনাথের অলংকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজি ইউপির চেয়ারম্যান কবির হোসেন ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মইনুল হক তাঁদের স্বাগত জানান। পরে সেখানে সমাবেশে সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদসহ ছাতক ও বিশ্বনাথ উপজেলা বিএনপির তৃণমূলের নেতারা বক্তব্য দেন। এদিকে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে এসে ওই সমাবেশে মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, সরকার সুপরিকল্পিতভাবে সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। আসন্ন ঈদের আগে ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে এখান থেকেই সরকার পতনের ডাক দেওয়া হবে। হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন করা থেকে বিরত রাখা যাবে না।