ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গণস্বাক্ষর
‘সরকারের গুম নামের কারাগারে বন্দী জননেতা ইলিয়াস আলী। তাঁকে মুক্ত করতেই হবে...’বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে নতুন করে ২৩ দিনব্যাপী আন্দোলন কর্মসূচির গণস্বাক্ষরে এভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপিদলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার শুরু করা গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকাসহ নগরেও শুরু হয়েছে। গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরের শিবগঞ্জ এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার বিএনপির চারটি সাংগঠনিক কমিটি সংবাদ সম্মেলন করে ২৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির শুরুতেই রয়েছে গণস্বাক্ষর সংগ্রহ। গতকাল শুরু হওয়া গণস্বাক্ষরে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষও স্বাক্ষর করছে।জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াসের ব্যক্তিগত কর্মকর্তা মো. ময়নুল হক প্রথম আলোকে জানান, গণস্বাক্ষরকারীরা মনে করেন, সরকারই ইলিয়াসকে লুকিয়ে রেখেছে। তাঁর মুক্তির দাবিতে আন্দোলনের কোনো বিকল্প নেই। গতকাল শিবগঞ্জ এলাকায় গণস্বাক্ষর সংগ্রহকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। তিনি বলেন, ‘সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক। তাঁকে ছাড়া দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বিপন্ন হবে। ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সিলেটকে নেতৃত্বশূন্য করতে তাঁকে গুম করে রাখা হয়েছে। আমরা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া ছাড়া কোনো বিকল্পে বিশ্বাস করি না।’সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হাদ বক্সের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাসুক আহমদ, ওয়ার্ড কাউন্সিলর দিনার খান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাসিয়া সেতুর ওপর গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, সাধারণ পথচারীসহ প্রায় পাঁচ হাজার ব্যক্তি স্বাক্ষর দেন। গণস্বাক্ষর গ্রহণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ খান প্রমুখ। উপজেলা বিএনপির সভাপতি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) প্রায় পাঁচ হাজার ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি কালও (শুক্রবার) অব্যাহত থাকবে।’