ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন
ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় গতকাল রোববার মানববন্ধন হয়েছে। বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর শাখা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে। কিছু এলাকায় মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। পুলিশি বাধার প্রতিবাদে ওই সব এলাকায় বিক্ষোভ হয়েছে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি অভিযোগ করে, আওয়ামী লীগের ইন্ধনে মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি মকন মিয়া, বিশ্বনাথ বিএনপির সভাপতি জালাল উদ্দিন, বালাগঞ্জের সভাপতি কামরুল হুদা, ওসমানীনগরের সভাপতি সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, আরিফ ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল আহাদ খান প্রমুখ। মানববন্ধন শেষে সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করা হয়, শেরপুরবাজার, সাদীপুর, উনিশমাইল, বুরুঙ্গাবাজার, বেগমপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়াবাজারে পুলিশের অবস্থানের কারণে মানববন্ধন হয়নি। এসব এলাকায় সকালে মানববন্ধন করতে চাইলে পুলিশ ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র কেড়ে নেয়। পুলিশ একপর্যায়ে লাঠিপেটা করার চেষ্টা করলে স্থানীয় জনতাকে নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, পুলিশের লাঠিপেটায় বিএনপির রশিদ আহমদ, আওলাদ আলী, যুবদলের হেলাল আহমদ, আক্তার আহমদ, আজমুল হোসেন, ছাত্রদলের আলাউদ্দিন, সাহেল আহমদ, শাহ ডালিম আহমদ প্রমুখ আহত হয়েছেন।