ইলিয়াস আলীর স্ত্রীকে বিদেশে যেতে অনুমতি দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে যৌক্তিক বিধিনিষেধ ছাড়া বিদেশে যেতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাহসিনা রুশদীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।

যুক্তরাজ্যে যাওয়ার সময় গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয় উল্লেখ করে বিদেশে যেতে অনুমতির বিষয়ে নির্দেশনা চেয়ে গতকাল রিটটি করেন তাহসিনা রুশদীর, যার ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

আদালতে তাহসিনা রুশদীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। পরে আমাতুল করীম প্রথম আলোকে বলেন, হাইকোর্ট শর্ত সাপেক্ষে আবেদনকারীকে (তাহসিনা রুশদীর) বিদেশে যেতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে যদি কোনো আদালতের নিষেধাজ্ঞা থাকে, তাহলে তিনি বিদেশে যেতে পারবেন না। তা না হলে বিদেশে যেতে পারবেন।

তাহসিনা রুশদীর আইনজীবী সগীর হোসেন প্রথম আলোকে বলেন, আদালত তাহসিনা রুশদীরকে বিদেশে যেতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন। ফলে তাঁর বিদেশে যেতে বাধা নেই। তিনি বলেন, তাহসিনা রুশদীরকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, ঢাকার জেলা প্রশাসক, ডিজি (পাসপোর্ট), ওসি ইমিগ্রেশনসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।