ইলিয়াস আলীর স্ত্রীকে বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ
নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে দেশ ছাড়ার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার তিনি সন্তানদের নিয়ে তাঁর বড় ছেলে আবরার ইলিয়াসের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন যাচ্ছিলেন।
ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডে আইন বিষয়ে লেখাপড়া করছেন।
তাহসিনা রুশদীর প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাঁদের লন্ডন যাওয়ার কথা ছিল। তাঁর সঙ্গে ছেলে লাবিব শারার ও মেয়ে সাইয়্যেরাও ছিল। তিনি বোর্ডিং পাস নিয়ে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর কাগজপত্র দেখতে চায় এবং প্রায় দেড় ঘণ্টা তাঁকে বসিয়ে রাখে। একপর্যায়ে একজন কর্মকর্তা এসে তাঁকে বলেন, তাঁকে লন্ডনে যেতে দেওয়া হবে না। কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় কারণে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুদে বার্তা পাঠিয়ে পরিচয় জানিয়ে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
এদিকে আবরার ইলিয়াস তাঁর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, তাঁর মা ও ছোট বোন সাইয়্যেরার ১৪ জুলাই তাঁর ‘গ্র্যাজুয়েশন ডে’তে অংশ নেওয়ার কথা ছিল। তাঁরা অনুমতি পাননি। কারণ তাঁরা এম ইলিয়াস আলীর পরিবারের সদস্য।