ইলিয়াস কাঞ্চনের প্রতি নৌমন্ত্রীর দুঃখ প্রকাশ
‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া ও তাঁর ছবিতে জুতা ঝুলিয়ে নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে তিনি এ ঘটনার নিন্দা করেছেন। গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসমাবেশে কয়েকটি মিছিল থেকে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। মিছিলে আসা লোকজন তার ছবিতে জুতা ঝুলিয়ে দেয়। এ ঘটনা নিয়ে গতকাল নৌমন্ত্রী একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, ‘ফেডারেশনের নাম ভাঙিয়ে পূর্বানুমতি ছাড়া যারা এ ধরনের হীন কাজ করেছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’ইলিয়াস কাঞ্চনের প্রতি আপত্তিকর আচরণে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তাঁরা। গতকাল সংগঠনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এদিকে সমাবেশের আয়োজক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খোন্দকার এনায়েত উল্যাহ এ আপত্তিকর প্ল্যাকার্ড বহনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এনায়েত উল্যাহ বলেন, এ ধরনের প্ল্যাকার্ড চোখে পড়ার সঙ্গে সঙ্গে তিনি সেটা নামিয়ে ফেলার নির্দেশ দেন। ‘সড়ক দুর্ঘটনার জন্য চালক দায়ী নয়’—নৌপরিবহনমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার করা না হলে অবিলম্বে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।