ইলিয়াস চাঁদপুরে আসছেন এমন খবরে পুলিশের অবস্থান
নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলী অ্যাম্বুলেন্সে করে চাঁদপুরের মতলব উত্তরে আসছেন—এমন সংবাদ পেয়ে গতকাল শনিবার রাতে সতর্ক অবস্থানে ছিল চাঁদপুরের পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর প্রথম আলোকে বলেন, তাঁরা খবর পান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলিয়াস আলী কুমিল্লার দাউদকান্দি হয়ে চাঁদপুরের মতলব উত্তরে অ্যাম্বুলেন্সযোগে প্রবেশ করছেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মতলব উত্তর থানাকে জানানো হলে পুলিশের কয়েকটি দল মতলব উত্তরের শ্রীরায়ের চর ও ইসলামপুর ইউনিয়নের রায়পুর গ্রামে সতর্ক অবস্থান নেয়।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী শিকদার প্রথম আলোকে জানান, ইলিয়াস আলী আসছেন, এমন খবর শুনে রাত আটটা থেকে তাঁরা বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে যাওয়াসহ অবস্থান নেন।চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীর নির্দেশে মতলব উত্তর উপজেলার ২০টি স্থানে পুলিশ, গোয়েন্দা নজরদারিসহ এই উপজেলার শ্রীরায়ের চর, ছেঙ্গারচর ও মতলব ফেরিঘাটে পুলিশ চেকপোস্টও বসানো হয়। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অ্যাম্বুলেন্স আসার খোঁজ পায়নি পুলিশ।