ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মানববন্ধন ১৭ এপ্রিল
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জেলা বিএনপির টানা কর্মসূচির পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজ হওয়ার চার বছর পূর্ণ হওয়ার দিন মানববন্ধন করবে সংগ্রাম পরিষদ।
গত রোববার রাতে সংগঠনের জরুরি সভা শেষে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়। নগরের লামাবাজারে সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজের সঞ্চালনায় ওই জরুরি সভা হয়। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা, জেলা যুবদলের সহসভাপতি সুদীপ্ত কুমার সেন ও সংগ্রাম পরিষদের যুব ও ছাত্র সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
বিএনপির নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এ ঘটনার পর থেকে তাঁর সন্ধান দাবির আন্দোলন পরিচালনায় সিলেটে গঠন করা হয়েছিল ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’। সিলেটে বিএনপির রাজনীতিতে ইলিয়াস অনুসারী নেতা-কর্মীরা সংগ্রাম পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রায় চার বছর ধরে বিএনপির পাশাপাশি সংগ্রাম পরিষদ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পৃথক কর্মসূচি পালন করে আসছে।