ইলিয়াসকে উদ্ধারে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের নামে নাশকতামূলক কর্মকাণ্ড না চালিয়ে ইলিয়াস আলীকে উদ্ধারে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার চট্টগ্রামে হরতালবিরোধী পৃথক দুটি সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সকালে নগরের দারুল ফজল মার্কেট চত্বরে হরতালবিরোধী সমাবেশের আয়োজন করে ১৪ দল। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করে নির্বাচিত সরকারকে হটানো যাবে না। হারিছ চৌধুরীও নিখোঁজ রয়েছেন। তাঁর জন্য বিএনপি দীর্ঘ দিনেও কোনো আন্দোলন করেনি। মনে হয়, হারিছ চৌধুরী যেখানে আছেন, ইলিয়াস আলীও সেখানে আছেন।’ সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপি হরতালের নামে যে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে, তা জাতির জন্য শুভ নয়।’ এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন, নগর নেতা সুনীল সরকার, ইফতেখার সাইমুল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, জাসদের নেতা জসিম উদ্দিন প্রমুখ। এদিকে নিউমার্কেট চত্বরে চট্টগ্রাম-৮ আসনের জনসাধারণের ব্যানারে আলাদা হরতালবিরোধী সমাবেশ করেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। নগর আওয়ামী লীগের নেতা মাহাবুবুল হক মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সফিকুল হাসান, জামশেদুল আলম, তারেক সোলায়মান প্রমুখ।