ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২০০ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘তাঁকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলতে থাকবে। সরকার তাঁকে উদ্ধার করতে বদ্ধপরিকর। আমাদের দায়িত্ব ইলিয়াসকে খুঁজে বের করা। আমরা দায়িত্ব থেকে অব্যাহতি নিইনি।’গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে বিরোধী দলের হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।ইলিয়াস নিখোঁজের ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করে সৈয়দ আশরাফ বলেন, তারা যা করছে, তা আইনের দৃষ্টিতে মহাপাপ। আজকে কোনো উপায় না দেখে সাহস নিয়ে ইলিয়াস আলীর স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। কারণ, তিনি উপলব্ধি করতে পেরেছেন, শেখ হাসিনা তাঁর একমাত্র আশ্রয়স্থল। তিনি বলেন, ইলিয়াসকে উদ্ধারে বিএনপির নেতাদের কাছে অনেকবার সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু তাঁরা সরকারপক্ষের ফোন পর্যন্ত ধরেননি। বেগম ইলিয়াস জানেন, বিএনপি তাঁর স্বামীকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি। বরং তা নিয়ে তারা রাজনীতি করছে। তিনি সেটা বুঝতে পেরে স্বামীকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া কী কারণে ইলিয়াস আলীর স্ত্রীকে মিথ্যা বলতে বাধ্য করলেন, সেটা এখনো রহস্য। গাজীপুরের পুবাইলে ইলিয়াস আলীকে খুঁজতে র্যাবের সঙ্গে অভিযানে গিয়ে পরবর্তী সময়ে তাঁর স্ত্রী বিষয়টি কেন অস্বীকার করলেন, সেটা এখনো রহস্য।’সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ইলিয়াস আলীর অন্তর্ধান নিয়ে নাটক তৈরি করেছেন খালেদা জিয়া। আর এই নাটকের পরিচালনা করছে জামায়াতে ইসলামী। খালেদা জিয়া ইতিপূর্বে অনেক নাটক তৈরি করলেও তা ফ্লপ হয়েছে। এবারের নাটকও ফ্লপ হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর দলের নেতাদের গুম হওয়া পূর্ব অভ্যাস। বিএনপির নেতা হারিছ চৌধুরী এখনো নিখোঁজ। কাজেই বিএনপিতে নেতা-কর্মীদের গুম হওয়া পুরোনো অভ্যাস।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, ইলিয়াস আলী অভ্যন্তরীণ কোন্দল না অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছেন, তা খুঁজে বের করতে সরকার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বিরোধী দল কোনো সহযোগিতা করছে না।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘বড় নেতা বলে আপনি ছাড় পাবেন, তা মনে করবেন না। আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, আওলাদ হোসেন, শাহে আলম প্রমুখ।