ইলিয়াসকে গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীর গুম হওয়ার বিরুদ্ধে দল-মতনির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বিকেলে বেইলি রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ড. কামাল এই আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও খুন-গুমের ঘটনাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হবে।কামাল হোসেন বলেন, অপহরণের ১১ দিন পরও ইলিয়াস আলীকে উদ্ধার না করতে পারার ঘটনা বলে দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার সড়কে কোন গাড়িতে কারা আছে, তা স্বাভাবিকভাবেই পরীক্ষা করা হয়। অথচ ইলিয়াস আলী সেখান থেকে কীভাবে অপহূত হলেন এবং তাঁর গাড়ি পরিত্যক্তভাবে পড়ে রইল—এ বিষয়টি জানা গেল না। তিনি সাগর-রুনি হত্যাকাণ্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।কামাল হোসেন বলেন, ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে তদন্তকাজ চলছে। এই তদন্তকে নিরপেক্ষ রাখতে সরকারের দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ এমন কোনো মন্তব্য করা সমীচীন নয়, যা তদন্তকাজে ব্যাঘাত ঘটাবে।সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।