ইলিয়াসকে ফেরত না দিলে আরও কঠোর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘ফেরত’ না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আয়োজিত এক সেমিনারে মওদুদ এ কথা বলেন। গতকাল শনিবার সকালে খুলশীর বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে এই সেমিনার হয়।‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পটভূমি: বর্তমান বাস্তবতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপন আ ন ম মুনির আহমদ চৌধুরী। মওদুদ বলেন, ‘ইলিয়াস আলীকে কারা ধরে নিয়ে গেছে, আমরা তা জানি। অবিলম্বে তাঁকে ফেরত না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। সংবিধান সংশোধন করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এ সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হবে। তবে আমরা বিচার বিভাগকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে চাই না।’ বিএনপির সহসভাপতি এম মনজুর মোরশেদ খান বলেন, এ সরকার গুম-হত্যার রাজনীতি শুরু করেছে। তারা আরও ১৫ বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার রক্ষক হয়ে ভক্ষকের আচরণ করছে। বর্তমান সরকার এক-এগারোর সুবিধাভোগী। এক-এগারোয় গঠিত সরকারের যাঁরা ছিলেন, তাঁদের বিচার এ দেশের মাটিতে একদিন করা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মধ্যে কোনো পার্থক্য নেই। বিচারপতি খায়রুল হককে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় এলে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেমিনারে ফোরামের সাধারণ সম্পাদক নছরুল কাদিরের পরিচালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক আতিকুর রহমান, বিএনপির উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহসভাপতি এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ, মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সেমিনারে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।