ইলিয়াসকে ফেরতের দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও ১৮ দলীয় জোটের শরিক দলগুলো।পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকালের বিভিন্ন থানার এসব মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়।এ ছাড়া আজ ও আগামীকালের হরতালের সমর্থনেও মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিএনপি অভিযোগ করেছে, অনেক স্থানে তাদের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বিএনপির ৫৩ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে নগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের নেতৃত্বে মতিঝিল থানা বিএনপি আরামবাগ কালভার্ট রোড থেকে মিছিল বের করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া পান্থপথ শমরিতা হাসপাতালের সামনে থেকে তেজগাঁও থানা বিএনপি, জুরাইন মাজারগেট থেকে শ্যামপুর থানা, সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে কাফরুল থানা, ফরাশগঞ্জ থেকে সূত্রাপুর থানা, শান্তিনগর থেকে রমনা থানা, সেগুনবাগিচা থেকে শাহবাগ থানা, মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে পল্লবী থানা, মহাখালী ওয়্যারলেস গেট থেকে গুলশান থানা বিএনপি মিছিল বের করে। ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানা বিএনপির যৌথ উদ্যোগে গ্রিন রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।