ইলিয়াসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পোস্টার
সংবাদ সম্মেলন করে ইলিয়াস আলীকে ‘হিংস্র’ ও ‘সন্ত্রাসী’ বললেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান। এই বিশ্বনাথ উপজেলাতেই ইলিয়াসের বাড়ি। এদিকে ইলিয়াস আলীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গত সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে।কেন এসব অভিযোগ তুলছেন, এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মুহিবুর বলেন, ‘ইলিয়াস আলীর কুকীর্তির বিষয়টি সবার জানা। গণমাধ্যমে এ বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে ইলিয়াস আলীকে নিয়ে হরতালসহ অন্যান্য কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করা না হয়, সে জন্য এই সংবাদ সম্মেলন।’ সংবাদ সম্মেলনটি উপজেলা পরিষদের ব্যানারে আয়োজন করা হলেও পরিষদের আর কেউ উপস্থিত নেই কেন, এ প্রশ্নের জবাবে মুহিবুর বলেন, ‘উপজেলা পরিষদের মোট আটজন সদস্য। তাঁরা সবাই বিভিন্ন হামলা-মামলার কারণে পলাতক রয়েছেন।’পোস্টার: ইলিয়াস আলীকে সন্ত্রাসী, গডফাদার আখ্যা দিয়ে ছাপানো কিছু পোস্টার লাগানো হয়েছে রাজধানীর বিভিন্ন দেয়ালে। দুই ধরনের পোস্টারের একটির শিরোনাম ‘গডফাদার ইলিয়াস আলীর ভয়াল তাণ্ডব’।