ইলিয়াসসহ বিএনপির নেতাদের নাম প্রত্যাহারের দাবিতে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গাড়ি পোড়ানো ও ভাঙচুর ঘটনার মামলা থেকে এম ইলিয়াস আলীসহ বিএনপির নেতা-কর্মীদের নাম প্রত্যাহারের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচির পাশাপাশি মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে তা প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার আহ্বান জানানো হয়।গত ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুলের কাছে যাত্রীবাহী ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। এতে একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর নগরের বিভিন্ন স্থানে আরও প্রায় ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানাসহ মহানগর পুলিশের আরও ছয় থানায় সাতটি মামলা করা হয়। একটি হত্যা ও ছয়টি দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করে ইলিয়াস আলীকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।বিএনপির সূত্র জানায়, দায়ের করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে বিএনপি ১১ দিনব্যাপী সিলেটে প্রতিবাদ কর্মসূচি পালন শেষে গতকাল শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচি পালন করে। সকাল থেকে দুপুর পর্যন্ত গণ-অনশন চলাকালে শহীদ মিনারের মুক্তমঞ্চে নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী প্রমুখ।গণ-অনশন শেষে সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রথম আলোকে জানান, একই দাবিতে ২৯ জানুয়ারি পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন উপজেলা সদরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। ২৯ জানুয়ারি গণমিছিলের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।