সিলেটে গাড়ি পোড়ানো ও ভাঙচুর করার ঘটনায় দ্রুত বিচার আইনের দুটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি এম ইলিয়াস আলীসহ ৬০ নেতা-কর্মী আদালতে হাজিরা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে (দ্রুত বিচার) তাঁরা হাজিরা দেন। আদালত ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন আদালতে অভিযোগ গঠিত হবে বলে আদালত সূত্র জানায়।পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল নামক স্থানে যাত্রীবাহী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ আগুনে পোড়ানোর ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকাসহ সিলেট নগরে ৫০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। এসব ঘটনায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে সাতটি মামলা হয়। সব কটি ঘটনায় বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে তাঁকেসহ আরও দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। গত ৩০ ও ৩১ ডিসেম্বর সাত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে গতকাল আদালতে সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর মামলা (নম্বর ২২) এবং দক্ষিণ সুরমা থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলা (নম্বর ২২৪) গ্রহণসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।‘গণ-অভ্যুত্থান করতে বিএনপি ও জনগণ সুশিক্ষিত’বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী বলেছেন, ‘নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণ-অভ্যুত্থানের জবাব দিতে গিয়ে চরম ধৃষ্টতা ও শালীনতাবিবর্জিত মন্তব্য করেছেন। গণ-অভ্যুত্থান করতে বিএনপি ও জনগণ সুশিক্ষিত আছে।’ গতকাল সিলেট নগরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইলিয়াস বলেন, ‘আবোল-তাবোল কথাবার্তা ও পাগলের প্রলাপ বকে দেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না। সুরঞ্জিতের স্মরণ রাখা উচিত, ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সামরিক শাসক স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। সুতরাং গণ-অভ্যুত্থান কীভাবে সংঘটিত করতে হয়, বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ব্যাপারে সুশিক্ষিত।’