সিলেটে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চার থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা চারটি মামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য বিচারিক হাকিম আদালতে পৃথক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চার মামলায়ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে উল্লেখ করে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।সূত্র জানায়, ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার পরপরই নগরের সোবহানীঘাট এলাকায় গাড়ি ভাঙচুর, কুমারপাড়ায় প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ও ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলা দুটির অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দুটি মামলায় এম ইলিয়াস আলীসহ বিএনপি-যুবদল ও ছাত্রদলের ৯০ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। একই দিন পাঠানটুলা এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্রে বিএনপি-যুবদল ও ছাত্রদলের ১২ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বিমানবন্দর ও শাহপরাণ থানায় দায়ের করা দুই মামলায়ও ইলিয়াস আলীকে মদদদাতা অভিযুক্ত করে বিএনপি ও ছাত্রদলের ২০ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।