সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ শিকদার গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে চিহ্নিত করে তাঁকেসহ বিএনপি-ছাত্রদলের ২৯ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের শুনানির জন্য আগামী ১ জানুয়ারি তারিখ ধার্য করেন আদালত।১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমার চণ্ডীপুলের বদিকোনার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে একজন যাত্রী পুড়ে মারা যান। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহন ব্যবসায়ী শাহ নূরুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেন। নূরুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁকে না জানিয়েই এ মামলার বাদী করা হয়েছে। চার্জশিট দেওয়ার আগে পুলিশ তাঁকে জানায়নি। উল্লেখ্য, বাদীর এই অভিযোগ নিয়ে ২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘বাদী জানেন না তিনি বাদী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত আসামি সিলেট নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী, দক্ষিণ সুরমা ছাত্রদলের নেতা রুহুল আমিন ও ছাত্রদল নেতা মো. শাহজাহানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় একদল লোক ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে একটি মিনিবাস ভাঙচুর ও ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে একজন অজ্ঞাতনামা পুরুষ যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান।অভিযোগপত্রে আরও বলা হয়, আসামিরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে ‘ইলিয়াস ভাই জিন্দাবাদ’ বলে স্লোগান দেয় এবং আসামি মকসুদ তাঁর মুঠোফোনের মাধ্যমে ঘটনাস্থল থেকে অন্য একটি মুঠোফোনে ‘ইলিয়াস ভাই কাজ হইয়াছে, আমরা সবাই একটি গাড়ি ভাঙচুর করিয়া পেট্রোল দিয়া জ্বালাইয়া-পুড়াইয়া দিয়াছি’ বলে খুদেবার্তা পাঠায়। আসামিরা ‘ইলিয়াস ভাই, বিএনপি-জামায়াত এক জোট’ স্লোগান দিয়ে তেলিবাজার সেতুর দিকে চলে যায়।অভিযোগপত্রে বলা হয়, ‘ইলিয়াস আলীর মদদে’ আসামিরা দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার ফলে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ১০-১২ জন যাত্রীর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। অভিযোগপত্রে আরও বলা হয়, আসামি ইলিয়াস আলীর নির্দেশে, প্রত্যক্ষ মদদে এবং সহায়তায় উপরোক্ত এজাহার নামীয় ও তদন্তে ঘটনাটি ত্রাস সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এ অভিযোগ অস্বীকার করে ইলিয়াস আলী বলেন, পুলিশ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করল।