ইলিয়াসের কেন্দ্রে ভোট প্রদান
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সহিংস ঘটনা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাগিবতণ্ডা ও জোর করে সিল মারার কারণে দুটি কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল।
এ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নিজ কেন্দ্রে এবার ভোটাররা ভোট দিয়েছেন। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর নিজ ভোটকেন্দ্রে ১৯১০ জন ভোটারের কেউই ভোট দেননি। তবে গতকাল এ কেন্দ্রে তাঁর স্ত্রী তাহসিনা রুশদীসহ ১১৬৪ জন ভোট দিয়েছেন। দীর্ঘদিনেও নিখোঁজ ইলিয়াসের সন্ধান না পাওয়ার প্রতিবাদে সংসদ নির্বাচনে এ কেন্দ্রে ভোট প্রদান থেকে বিরত ছিলেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খায়রুল আমীন বলেন, বিচ্ছিন্ন ঘটনার কারণে দুটি কেন্দ্র সাময়িক বন্ধ ছিল। ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক ইকবাল জানান, একদল লোক জড়ো হয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তা সিল মারেন। তবে তাঁদের কাউকে তিনি ছিনতে পারেননি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামণি চাকমা জানান, ছিনিয়ে নিয়ে সিল দেওয়া ব্যালটগুলো বাতিল বলে গণ্য হবে।