বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে গত শনিবার ঈদুল আজহার দিন প্রায় দুই হাজার পশু কোরাবানি দেওয়া হয়েছে। পরিবার, তাঁর নির্বাচনী এলাকাসহ বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা এসব পশু কোরবানি দেন। পাশাপাশি বিভিন্ন ঈদগাহে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলী প্রতিবছর স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের বাড়ি আসতেন। পশু কোরবানি দেওয়ার পাশাপাশি মা, পরিবারের অন্যান্য সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতেন। ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলী গত ১৭ এপ্রিল ‘নিখোঁজ’ হন। ‘নিখোঁজ’ ইলিয়াসের সন্ধানের দাবিতে ২৩ এপ্রিল বিশ্বনাথে বিক্ষোভ হয়। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে তিনজন নিহত হন। তাঁরা হলেন: উপজেলা যুবদলের কর্মী মনোয়ার হোসেন, অলঙ্করী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম আহমদ ও রিকশাচালক জাকির হোসেন। এই পাঁচটি পরিবারে এবারের ঈদের আনন্দ ম্লান ছিল। স্বজনেরা চোখের পানিতে তাঁদের স্মরণ করেছেন। ইলিয়াসকে ছাড়া পরপর দুটি ঈদ কাটাতে হয়েছে মা সূর্যবান বিবিকে। এবারও ঈদের দিন তিনি নীরবে ফেলেছেন চোখের পানি। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর ছেলে আবরার ইলিয়াস, নাবিদ ইলিয়াস ও মেয়ে সাইয়ারা ইলিয়াসকে নিয়ে ঈদের আগে বৃহস্পতিবার রামধানা গ্রামের বাড়ি আসেন। তাঁদের চোখও ভিজে ওঠে বারবার।গ্রামের বাড়িতে অবস্থানকালে তাহসিনা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতা-আধিপত্য চাই না। অক্ষত অবস্থায় ইলিয়াস ও তাঁর গাড়িচালক আনছার আলীকে ফিরে পেতে চাই। দেশের সব রাজনীতিবিদ ও বিবেকবান মানুষ ইলিয়াসকে উদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এটা আমাদের প্রত্যাশা। তাঁদের ফিরিয়ে দিলে আমরা সরকার ও দেশের মানুষের কাছে আজীবন ঋণী থাকব।’ইলিয়াস আলীর ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আছকির আলী প্রথম আলোকে জানান, ইলিয়াসের নামে পরিবারের পক্ষ থেকে পাঁচটি গরু ও একটি খাসি কোরবানি দেওয়া হয়েছে।জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত সরকারী মইনুল হক জানান, পরিবারের বাইরে সিলেটের বিভিন্ন স্থানে ও প্রবাসে ইলিয়াসের নামে ঈদের দিন প্রায় দুই হাজার পশু কোরবানি দেওয়া হয়। এ ছাড়া তাঁকে ফেরত পেতে করা হয় বিশেষ মোনাজাত। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ শেখ সুজাত মিয়া বলেন, ‘ইলিয়াস বৃহত্তর সিলেটের নেতা। তাই তাঁর নামে একটি গরু কোরবানি দিয়ে আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরে পেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি।’ বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অলঙ্করী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিলু মিয়া বলেন, ‘শুধু আমি নই, আত্মীয়স্বজনদের মধ্যে আরও ১৫ থেকে ২০ জনকে বলেছি কোরবানিতে ইলিয়াস আলীর নাম রাখতে।’ইলিয়াসের নামে কোরবানি দেওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান ও সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তারেক। সৌদি আরবের জেদ্দা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘ইলিয়াসকে ভালোবেসেই দেশে এসে তাঁর নামে গরু কোরবানি দেওয়া। আমরা আর কোনো কিছু চাই না। আমাদের নেতাকে ফিরে পেতে চাই।’