আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের রহস্য শিগগিরই উদ্ঘাটিত হবে। যত দ্রুত সম্ভব তাঁকে খুঁজে বের করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় দলের এক যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে হানিফ এ কথা বলেন। তিনি জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।আগামী ১ মে টঙ্গীর শ্রমিক জনসভার প্রস্তুতি হিসেবে এ যৌথ সভা হয়। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। ইলিয়াসকে খুঁজে বের করতে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, হরতালের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধ না করলে জনগণ বিএনপির রাজনীতি প্রত্যাখ্যান করবে।সাংসদ পদ থেকে সোহেল তাজের পদত্যাগ করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে শুনেছি, সোহেল তাজ পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হলে গেজেট হবে। এর পরেই আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানাবে। দলে তাঁর (সোহেল তাজ) কোনো পদ না থাকায় এখনই প্রতিক্রিয়া জানানো হচ্ছে না।’যৌথ সভা সূত্র জানায়, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক সভায় এ প্রসঙ্গে বলেন, সোহেল তাজ তাজউদ্দীন আহমদের সন্তান। এ ঘটনায় তাঁরা মর্মাহত। তবে তাঁর পদত্যাগে তাঁরা চিন্তিত নন। আফসোসও নেই।সংবাদ ব্রিফিংয়ে হানিফ বলেন, ‘ইলিয়াসকে উদ্ধারের জন্য আগেও বারবার বিএনপির প্রতি সরকারকে সহযোগিতার অনুরোধ জানিয়েছি। প্রথমে ইলিয়াস আলীর স্ত্রী সহযোগিতার উদ্যোগ নিয়েও এখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্দেশে আর সহযোগিতা করছেন না। এখনো অনুরোধ জানাব, সহযোগিতা করুন।’ তিনি বলেন, গত কয়েক দিন বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচি চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তার দায়ভার বিরোধীদলীয় নেত্রী ও বিএনপিকে নিতে হবে।আওয়ামী লীগ রাজপথে বিরোধী দলের কর্মসূচি মোকাবিলা করবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা পাল্টা কর্মসূচিতে বিশ্বাসী না। তবে বিরোধী দলের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করব। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ছাত্রজীবনেই ইলিয়াসের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সাইফুর রহমানের সঙ্গে ইলিয়াস আলীর কোন্দল সবাই জানে। এই অভ্যন্তরীণ কোন্দল ঘিরে অনেক ঘটনাই ঘটেছে।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা ও সাংসদেরা, সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।