ইলিয়াসের মতো মুজিবকেও 'বিশেষ বাহিনী' গুম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর মতো প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানকে ‘বিশেষ বাহিনী’ গুম করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আজ শনিবার দুপুরে সিলেট নগরের মিরের ময়দান এলাকায় একটি বাসায় তিনি সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

বিএনপির নেতা এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে গাড়িচালকসহ ৪ মে থেকে নিখোঁজ।

সংবাদ সম্মেলনে শমসের মবিন এ দুটো ঘটনার পেছনে রাজনীতিকে কারণ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ‘এই সরকার জনগণের সরকার নয়। এ সরকারের ওপর মানুষের কোনো আস্থাও নেই। প্রশাসনেও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের প্রতি আস্থাহীনতা এবং নিয়ন্ত্রণহীনতার কারণে নারায়ণগঞ্জের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনা সরকারের অপরাজনীতির একটি দৃষ্টান্ত।’

শমসের মবিন চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর রক্ষীবাহিনী এদেশে হিংস্র বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। দেশের মানুষের কাছে রক্ষীবাহিনী ছিল মূর্তিমান আতঙ্ক। বর্তমানে সেই হিংস্রতার ধারাবাহিকতায় বিশেষ বাহিনী গুম-খুন-অপহরণ চালিয়ে যাচ্ছে। ইলিয়াস আলীকে এই বাহিনী যেভাবে গুম করেছিল, ঠিক একই কায়দায় বিএনপির নেতা মুজিবকে গুম করা হয়েছে।’

সন্ধান দাবিতে মানববন্ধন: মুজিবের সন্ধান দাবিতে আজ দুপুরে সিলেটের সিটি পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সংগঠনের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করা হয়। সমাবেশে মুজিব ও তাঁর গাড়িচালকের সন্ধান দেওয়ার দাবি জানানো হয়।