ইলিয়াসের সন্তানদের জন্য বিএনপির ঈদ উপহার
পরিবারের প্রধান ব্যক্তিকে ছাড়া এবার ঈদ করতে যাচ্ছেন ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানেরা। তাই এই পরিবারে ঈদের আনন্দ অনেকটাই ম্লান। যদিও এখনো তাঁরা আশায় আছেন ইলিয়াস আলী ফিরে আসবেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল তাঁর বনানীর বাসার সামনের সড়ক থেকে ‘নিখোঁজ’ হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। বিএনপির দাবি, ইলিয়াসকে সরকারের কোনো সংস্থা গুম করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইলিয়াস আলীর বনানীর বাসায় যান। এ সময় ইলিয়াসের স্ত্রী তাহমিনা রুশদির, ছেলে লাবিব সারা ও একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল বাসায় ছিলেন। মির্জা ফখরুল ইলিয়াসের সন্তানদের জন্য ঈদের উপহারসামগ্রী নিয়ে যান।গতকাল ইলিয়াসের স্ত্রী বারবার কান্নায় ভেঙে পড়েন। ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালের আশা, বাবা ফিরে আসবে। সেখানে মির্জা ফখরুল বলেন, সরকার এমন কোনো তথ্য দিতে পারেনি, যাতে প্রমাণিত হয় ইলিয়াসকে তারা তুলে নিয়ে যায়নি। সরকার এখন নিষ্ক্রিয়। উদ্ধারের কোনো তৎপরতা নেই। তিনি বলেন, ইলিয়াস আলীকে গুম করার কারণে সরকারকে সবচেয়ে বড় বিপদে পড়তে হবে।দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি হবে না: ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। দুই নেত্রীকে বাদ দেওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি সফল হবে না। এ নিয়ে বিএনপি চিন্তা করছে না। যারা করছে, তারা অলীক কল্পনার মধ্যে আছে।অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইলিয়াস আলী সরকারের কাছে আছে। সরকারের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে।’ এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।