ইলিয়াসের সন্ধান দাবিতে এবার হেঁটে প্রতিবাদ
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এবার হেঁটে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ থেকে সিলেটের লামাকাজি আসার অভিনব এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। সুনামগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদর নেতৃত্বে আজ মঙ্গলবার এ কর্মসূচি পালিত হবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। তাঁকে সরকারই গুম করেছে—এ অভিযোগ বিএনপির স্থানীয় থেকে কেন্দ্রীয় নেতাদের। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত প্রায় আড়াই বছর হরতালসহ সিলেটে নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির প্রধান উদ্যোক্তা কলিমউদ্দিন আহমদ বলেন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ মোড় থেকে আজ বেলা ১১টায় শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথের লামাকাজি মোড়ে পৌঁছানো হবে। সেখানে প্রতিবাদ সমাবেশে বিএনপির কর্মী-সমর্থক ছাড়াও দুই নির্বাচনী এলাকার সাধারণ মানুষও একাত্ম হবে।