ইলিয়াসের সন্ধান দাবিতে সিলেটে হরতাল আজ
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এই হরতালের ডাক দেয়।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। তাঁকে সরকার গুম করেছে অভিযোগ তুলে সিলেট ও ইলিয়াসের নির্বাচনী এলাকায় আন্দোলন চলছে। এর অংশ হিসেবে ১৭ আগস্ট বিক্ষোভ-সমাবেশ করে আজ বৃহস্পতিবার হরতালের ডাক দেয়।হরতালের সমর্থনে গতকাল বুধবার দুপুরে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মাখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল আহাদ খান প্রমুখ।সমাবেশে বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধান দাবির পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার দাবি করেন।