ইলিয়াসের সন্ধান না দিলে সরকার পতনের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধান না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতারা। গতকাল রোববার হরতাল পালনকালে নগরে পৃথক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এই হুঁশিয়ারি দেন। অলংকার মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করেছে।’ নোমান বলেন, ‘সময় থাকতে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। নইলে জনগণ আপনাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধান না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে।’ পাহাড়তলী থানা বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, বিএনপির নেতা এম এ ছবুর, আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, শেখ নুরুল্লা বাহার প্রমুখ। অন্যদিকে গণতন্ত্র হত্যার দায় প্রশাসনকে না নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহমদ সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে আমীর খসরু প্রশাসনের উদ্দেশে বলেন, ‘সরকার রাষ্ট্রীয়ভাবে গুম, হত্যা, অপহরণ ও সন্ত্রাস করছে। এর দায়দায়িত্ব আপনারা নেবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। গণতন্ত্র হত্যার দায়দায়িত্বও আপনারা নেবেন না। সরকার জনসমর্থন হারিয়ে শুধুমাত্র প্রশাসনকে ব্যবহার করে টিকে থাকতে চাইছে।’ আমীর খসরু বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে গুম করার দুঃসাহস দেখিয়েছে। কিন্তু জনগণের গণ-অভ্যুত্থান এখনো দেখেনি। জনগণ এ দেশের মাটিতেই তাদের বিচার করবে।’ মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক প্রমুখ।