ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেহাত প্রয়োজন ছাড়া সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এক মাসের মধ্যে সব ধরনের ইংরেজি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তথ্য মন্ত্রণালয়ের প্রতি আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আদালত বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে পত্র প্রেরণ ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেই। পুলিশের গাড়িতে ইংরেজি লেখা প্রতীয়মান হয়। ইলেকট্রনিক মিডিয়ায় নিত্যনতুন ইংরেজি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে।

আদেশে আদালত আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ বিভাগসহ তার অধীন সব বিভাগে ৩০ দিনের মধ্যে ইংরেজিতে লেখা সব নেমপ্লেট, গাড়ির নম্বরপ্লেট ও সাইনবোর্ড বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’

একই সঙ্গে আদালত স্বরাষ্ট্রসচিব ও তথ্যসচিবকে নির্দেশনা বাস্তবায়নে কী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলেছেন।

সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় সময়ের আবেদন জানান। আদালত রোববার প্রতিবেদন দাখিল করতে বলে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

গত ১৭ ফেব্রুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ এক মাসের মধ্যে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট, সরকারি দপ্তরের নামফলক (দূতাবাস, বিদেশি সংস্থা ও তত্সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে আদালতকে অবহিত করতে নির্দেশ দেন। পাশাপাশি আদালত রুলও জারি করেন।

আরও জানতে পড়ুন