সরাসরি অথবা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার না করার বিধান রেখে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ওই নীতিমালা চূড়ান্ত হলে আলোচনা অনুষ্ঠানে অসংগতিপূর্ণ, বিভ্রান্তিমূলক বা অসত্য তথ্য দেওয়া যাবে না। এ ধরনের অনুষ্ঠানে উভয় পক্ষের যুক্তিগুলো যথাযথভাবে উপস্থাপনের সুযোগ রাখতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা ঘটলে তা সম্প্রচার করা যাবে না। এ ছাড়া আইন অমান্য করার পক্ষে সহানুভূতি সৃষ্টি করে এমন কিছু দেখানো যাবে না।
গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিন সপ্তাহের জন্য খসড়াটি সর্বসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। ওই নীতিমালার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, এতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাসহ বিভিন্ন বিষয় রাখা হয়েছে, যা ইতিবাচক। তবে রাজনৈতিক দলের মতামত সরাসরি প্রচার, রাজনৈতিক উদ্দেশ্যে বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনার মতো বিষয় প্রচারে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তার সুনির্দিষ্ট সংজ্ঞায়ন করা হয়নি। সংজ্ঞা ও ব্যাখ্যা ছাড়া কোনো বিষয় নীতিমালায় থাকলে অনেক ক্ষুদ্র স্বার্থ বড় এবং বড় স্বার্থ ক্ষুদ্র হতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।
নীতিমালার কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। কমিশন অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং সম্প্রচারের মান নির্ধারণ ও তার বাস্তবায়ন নিশ্চিত করবে।
সব বেসরকারি বেতার, টেলিভিশন, কমিউনিটি রেডিও, অনলাইন বেতার ও টেলিভিশন চ্যানেলগুলোকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। সম্প্রচার কমিশন লাইসেন্স দেওয়ারও নীতিমালা তৈরি করবে।
তথ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে অনুমোদন পাওয়া বেসরকারি বেতার ও টেলিভিশনগুলোকে ধারাবাহিকতা রেখে ওই নীতিমালার অধীনে লাইসেন্স নিতে হবে। এ-সম্পর্কিত আইন, নীতি ও বিধিমালা তৈরি হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে সরকার তথা তথ্য মন্ত্রালয় এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সরকার অনুমোদিত বেশ কিছু অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রচার করার নিয়মও নীতিমালায় যুক্ত করা হয়েছে। সব ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের শর্ত দেওয়া হয়েছে ওই নীতিমালায়। ১৯৬৩ সালের দ্য সেন্সরশিপ অব ফিল্ম অ্যাক্ট বা এর অধীনে প্রণীত বিধি বা নীতিমালার পরিপন্থী কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। বেতার বা টেলিভিশনের বিজ্ঞাপনের ভাষা, দৃশ্য বা নির্দেশনা কোনো ধর্মীয় বা রাজনৈতিক অনুভূতির প্রতি পীড়াদায়ক হবে না। মডেলদের পোশাক-পরিচ্ছদ শালীনতাপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধর্মীয় অনুভূতিকে ব্যবহারের মাধ্যমে পণ্যের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি স্থানের ধর্মীয় স্থিরচিত্র বা চলমান চিত্র প্রদর্শন করা যাবে না।
নীতিমালা অনুযায়ী গুঁড়া দুধের বিজ্ঞাপনে পাঁচ বছরের কম বয়সের শিশুদের মডেল হিসেবে বা তাদের ছবি ব্যবহার করা যাবে না। গুঁড়া দুধের বিজ্ঞাপনের ক্ষেত্রে শিশুদের জন্য ‘মায়ের দুধের বিকল্প নেই’, ‘এই গুঁড়া দুধ পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নয়’—এই বাক্য দুটি কমপক্ষে পাঁচ সেকেন্ড সুস্পষ্টভাবে উল্লেখ করে স্পষ্টাক্ষরে দেখাতে হবে।
টেলিভিশন বিজ্ঞাপনে সশস্ত্র বাহিনী অথবা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্য কোনো বাহিনীর প্রতি অশোভন কটাক্ষ, বিদ্রূপ বা অবমাননা করা যাবে না। বেতার বা টেলিভিশন চ্যানেলকে নিজ দায়িত্বে বিজ্ঞাপনসংক্রান্ত ছাড়পত্র নিতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপন নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা না হলে সরকার সংশ্লিষ্ট টিভি বা বেতার চ্যানেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
মোট ১২ ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নীতিমালায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা ছাড়পত্রবিহীন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, নাইট ক্লাব, বার, সিগারেট, বিড়ি, চুরুট, অন্যান্য মাদক প্রভৃতি। অ্যালকোহল মিশ্রিত এবং নেশাজাতীয় পণ্য (অ্যালকোহলের পরিমাণ যা-ই থাকুক না কেন), সরকারের অনুমোদনবিহীন আবাসিক ভবন বা স্থাপনা-সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নীতিমালায় বলা হয়েছে। এই নীতিমালায় উল্লেখ নেই এমন বিষয়ের বিজ্ঞাপনের ব্যাপারে সম্প্রচার কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশন গঠনের আগে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
নীতিমালার বিষয়ে জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নীতিমালা করার প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের যে সুযোগ রাখা হয়েছে, তা ইতিবাচক। তবে এতে নিয়ন্ত্রণমূলক বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আশা করি, নীতিমালাটি চূড়ান্ত করার আগে সবার মতামতের প্রতিফলন নিশ্চিত করা হবে।’