ইলেকট্রনিক পাসপোর্টে প্রতারণার অবসান হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকট্রনিক পাসপোর্টসহ নিরাপদ ভ্রমণ ডকুমেন্ট চালুর মাধ্যমে দেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট পদ্ধতি সম্পূর্ণ আধুনিক করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের পাসপোর্ট চালু হলে এই ইস্যুতে প্রতারণার অবসান ঘটবে।
রাজধানীর আগারগাঁওয়ে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট (ডিআইপি) কার্যালয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ এবং বিভাগীয় ও আঞ্চলিক ১০টি পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে গতকাল রোববার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের ভবন গতকাল উদ্বোধন করা হয়।
শেখ হাসিনা বলেন, পাসপোর্ট হলো একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীক। এটি জাতির মর্যাদা বহন করে। হয়রানি ছাড়া পাসপোর্ট পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এ ক্ষেত্রে ইমিগ্রেশন ও পাসপোর্ট কার্যালয় নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে পাসপোর্ট সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ৩৩টি ইমিগ্রেশন চেক পয়েন্ট এবং ৬৫টি পাসপোর্ট ও ভিসা উইং খোলা ছাড়াও তাঁর সরকার প্রতিটি জেলায় একটি করে পাসপোর্ট অফিস স্থাপন করেছে। এই অধিদপ্তরের লোকবল ৩৯৭ থেকে ১ হাজার ১৮৪ জনে উন্নীত করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
‘জনগণের উন্নত সেবা পাওয়ার ব্যবস্থা’ শীর্ষক পাসপোর্ট সেবা সপ্তাহের স্লোগানের সঙ্গে সংগতি রেখে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এবং ডিআইপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের নবনির্মিত আটতলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি নারীশিক্ষা ও শিক্ষার ক্ষমতায়নে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।