ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশে নীতিমালা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশে ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশে নীতিমালা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে এ বিষয়ে একটি নীতিমালা করা হবে। অনুমতি পাওয়া নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই টেলিভিশনগুলো চালু হতে হবে। সময় বাড়ানো হবে না।‘ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশে প্রয়োজন সুষ্ঠু নীতিমালা’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।সেমিনারের প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনগুলোর জন্য একটি নীতিমালার জন্য তাঁর কাছে কেউ কখনো আসেননি। তিনি নিজ থেকেই সর্বপ্রথম এই নীতিমালার কথা বলেছিলেন। কিন্তু তখন অনেকেই এর বিরোধিতা করেন। এখন যদি সবাই চান, তাহলে নীতিমালা হতেই পারে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। গণমাধ্যমগুলো এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। জরুরি অবস্থার সময় গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, দেশে আজকের যে গণতন্ত্র, তাতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।সেমিনারে বিটিভির সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, বেসরকারি টেলিভিশনের নীতিমালার পাশাপাশি বিটিভির স্বায়ত্তশাসনের কথা ভাবতে হবে। কারণ বিটিভির কোনো গ্রহণযোগ্যতা নেই।জবাবে ক্ষুব্ধ কণ্ঠে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৯৫ শতাংশ দর্শক এখনো বিটিভি দেখে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, উন্নয়ন-সম্পর্কিত সব তথ্য বিটিভি মানুষের কাছে পৌঁছে দেয়। কাজেই বিটিভির বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন বক্তব্য দেওয়া অনুচিত। কেউ সমালোচনা করতে চাইলে হয়তো বলতে পারেন, বিটিভির সংবাদের গ্রহণযোগ্যতা কম।মন্ত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে কেবল তথ্য দিলেই হবে না, সেই তথ্য যেন সঠিক হয়, তা নিশ্চিত করতে হবে। সম্প্রতি পোশাকশ্রমিকদের ভাঙচুরের ঘটনার সংবাদ ও অনুষ্ঠান নিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সমালোচনা করে তিনি বলেন, সবাইকে বিষয়ের গুরুত্ব বুঝতে হবে। একটি খাত ধ্বংস হয়ে যায়, এমন কিছু করা উচিত নয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল। তিনি একটি সম্প্রচার নীতিমালা এবং সে অনুযায়ী একটি কমিশন গঠনের প্রস্তাব করেন। ১৯৯৮ সালে বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতিমালার সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন তিনি।বিশেষ অতিথি তথ্যসচিব কামাল আবদুল নাসের বলেন, বর্তমান সরকার বেসরকারি টেলিভিশনগুলোর জন্য একটি নীতিমালা করতে চায়। এ জন্য কাজ চলছে।সেমিনারে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শাহ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক ও সাংসদ আসাদুজ্জামান নূর, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।এ ছাড়া মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মাহপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, যমুনা টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান সুপন রায়, ব্রডকাস্ট রিপোর্টার্স অব বাংলাদেশের আহ্বায়ক জহিরুল আলম, সামিয়া জামান প্রমুখ বক্তব্য দেন।