ইশতিয়াক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
বাগেরহাটের মংলা উপজেলার ইশতিয়াক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বাগেরহাটের পুলিশ সুপারের নির্দেশে মংলা থানার উপপরিদর্শক আ. রাজ্জাককে পরিবর্তন করে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবিউল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। মংলা থানা সূত্রে জানা গেছে, উপজেলার মিঠেখালী গ্রামের বাসিন্দা ইশতিয়াককে একই এলাকার হাবিব মোড়ল ও তাঁর কয়েকজন সহযোগী ২৩ আগস্ট পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় ইশতিয়াকের বাবা শেখ আফজাল হোসেন হাবিব মোড়লসহ কয়েকজনের বিরুদ্ধে মংলা থানায় হত্যা মামলা করেন। ইশতিয়াকের পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা আ. রাজ্জাকের সঙ্গে প্রধান আসামি হাবিবের সখ্য গড়ে ওঠে। এ কারণে এক মাসেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। এ নিয়ে গত ১১ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘মংলায় হত্যাকাণ্ড সড়ক দুর্ঘটনা প্রমাণের চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ২০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়।