ইশতেহারে নগর সরকারের অঙ্গীকার নাদের চৌধুরীর

ইশতেহারে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত নগর গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তরে জাসদ-সমর্থিত মেয়র পদপ্রার্থী নাদের চৌধুরী। ইশতেহারে তিনি বলেন, বিভক্ত সিটি করপোরেশন নয়, নাগরিক সেবা নিশ্চিত করতে চাই নগর সরকার।
আজ সোমবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে নাদের চৌধুরী তাঁর ইশতেহার ঘোষণা করেন।
নাদের চৌধুরী তাঁর ইশতেহারে নাগরিকদের অধিকার, প্রাণ প্রকৃতি ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতিচর্চা ও বিনোদন, জবাবদিহি ও নাগরিক তদারকি, দুর্নীতি ও চাঁদাবাজি রোধ এবং নগর কর্তৃপক্ষের আয় বৃদ্ধিসহ উন্নয়নের বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান। আমি নির্বাচিত হলে নগর পিতা নয়, নগরের সন্তান হিসেবেই এই নগরের সেবায় সচেষ্ট থাকব। স্বপ্নের ঢাকা গড়ে তোলার জন্য আমি আপনাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করছি এবং ঢাকাবাসীর কাছে আমার নির্বাচনী প্রতীক ‘ময়ূর’ মার্কায় ভোট কামনা করছি।’
এ সময় জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ শিরীন আখতার, সহসভাপতি মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।