ইশরাক ফেরেননি, উদ্বেগে ঈদ কেটেছে পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ ইশরাক আহমেদ
নিখোঁজ ইশরাক আহমেদ

বাবা-মায়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেই কানাডায় ফেরার কথা ছিল ইশরাক আহমেদের। কিন্তু ঈদের এক সপ্তাহ আগে রাজধানীর ধানমন্ডি থেকে নিখোঁজ হন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক। তাঁর খোঁজ না পাওয়ায় উদ্বেগ আর অনিশ্চয়তায় ঈদ কেটেছে পরিবারের।

গত দুই সপ্তাহে রাজধানী থেকে নিখোঁজ অপর তিনজনের খোঁজও মেলেনি। তাঁরা হলেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, বিএনপির নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত এবং ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান।

গত ২৬ আগস্ট ধানমন্ডিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইশরাক। পরিবারের সঙ্গে ঈদ করে ঈদের পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) তাঁর কানাডায় ফেরার কথা ছিল। ইশরাকের বাবা জামালউদ্দীন আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সব জায়গায় যাচ্ছি আমরা। কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না। পুলিশ, র‍্যাব সবাই বলছে ধৈর্য ধরতে। একজন বাবা হিসেবে এ ধৈর্য ধরা যে কত কঠিন! একটা ঈদ গেল, পরিবারে কারও কোনো আনন্দ নেই।’

২৭ আগস্ট নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুরেরও খোঁজ নেই। আমিনুরের বন্ধু ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, তাঁর এখনো খোঁজ মেলেনি। কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, পুলিশ কাজ করছে। কিন্তু এখনো কিছুই বোঝা যাচ্ছে না।

২২ আগস্ট বনানী উড়ালসড়কের নিচ থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত। তাঁরও কোনো সন্ধান গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণের মামলা করেছেন।

২৭ আগস্ট গুলশান অ্যাভিনিউর একটি ব্যাংকের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়কে। এ বিষয়ে তাঁর ভাগনে গুলশান থানায় জিডি করেছেন। তাঁরও কোনো খোঁজ গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকভাবে চেষ্টা করছি অনিরুদ্ধ ও সৈয়দ সাদাতকে খুঁজে বের করতে। তবে এখন পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’