ইশরাত আখন্দের দাফন সম্পন্ন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হাতে নিহত ইশরাত আখন্দের দাফন আজ সোমবার বিকেলে গাজীপুরে সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সকালে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি নাগরিকদের শ্রদ্ধা জানানোর পর বেলা পৌনে একটায় ইশরাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে সময় ইশরাতের মা, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে ইশরাতের মরদেহ উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে দুইটায় বাসার পাশে উত্তরার বাদশাহর টেক জামে মসজিদে ইশরাতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ নেওয়া হয় গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে। সেখানে দ্বিতীয় জানাজা হওয়ার পর সাড়ে চারটার দিকে ইনস্টিটিউটের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ইশরাতের ভাই ইউসুফ আখন্দ প্রথম আলোকে বলেন, ‘কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’ ইশরাত আখন্দের মামা বিচারপতি ওবায়দুল হক বলেন, ইশরাত ছিলেন খুব ভালো মানুষ এবং সৃজনশীল। সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ইশরাতের আরেক মামা রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান বলেন, ইশরাত ছিলেন সদা হাস্যোজ্জ্বল। মিশুক প্রকৃতির হওয়ায় সব বয়সীদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। শিল্পকলা ও সংগীতের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা।
ইশরাতকে শেষ বিদায় দিতে এসে ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। তিনি বলেন, এখনকার প্রজন্মকে মুক্তিযুদ্ধের শিক্ষা, মানবিকতার শিক্ষা দিতে হবে। যাতে আর এ ধরনের ঘটনা এ দেশে না ঘটে। যে প্রজন্ম আনছে তাদের যাতে সন্ত্রাসীরা বা মৌলবাদীরা মগজ ধোলাই করতে না পারে, পরিবারের সদস্যদের সে বিষয়ে সজাগ থাকতে হবে।