ইশরাত আকন্দের দাফন হবে গাজীপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশরাত আকন্দ
ইশরাত আকন্দ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হাতে নিহত ইশরাত আকন্দের দাফন হবে গাজীপুরে। আজ সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি নাগরিকদের শ্রদ্ধা জানানোর পর বেলা পৌনে একটায় ইশরাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে সময় ইশরাতের মা, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে ইশরাতের মরদেহ উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে দুইটায় উত্তরার বাদশাহর টেক জামে মসজিদে ইশরাতের জানাজা অনুষ্ঠিত হয়।
ইশরাতের ভাই ইউসুফ আকন্দ প্রথম আলোকে বলেন, ‘কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’ তিনি জানান, গাজীপুরের কৃষি ইনস্টিটিউটের কবরস্থানে ইশরাতকে দাফন করা হবে।
ইশরাত আকন্দের মামা বিচারপতি ওবায়দুল হক বলেন, ইশরাত ছিলেন খুব ভালো মানুষ এবং সৃজনশীল। সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।
ইশরাতের মামা রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান বলেন, ইশরাত ছিলেন সদাহাস্যোজ্জ্বল। মিশুক প্রকৃতির হওয়ায় সব বয়সীদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। শিল্পকলা ও সংগীতের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা।