ইশারা ভাষার স্বীকৃতি দাবি ইশারা দিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাকক্ষে শ্রোতা অনেক। বক্তৃতাও হচ্ছে ইশারা ভাষাতেই। যাঁরা বুঝতে পারছেন না, তাঁদের জন্য কিছুক্ষণ পরপর ইশারা ভাষা ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) আয়োজিত সভাস্থলে পুরোটা সময় কোনো শব্দ ছিল না, কিন্তু পরস্পরের মধ্যে কথা হচ্ছিল ইশারা ভাষায়। ‘ইশারা ভাষা দিবস’ শীর্ষক আলোচনা এবং বাংলা ইশারা ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ সভায় এমনটা দেখা গেল। অনুষ্ঠানে আয়োজকেরা ১ ফেব্রুয়ারিকে ইশারা ভাষা দিবস পালনের দাবি জানান। আয়োজকেরা বলেন, এমন একটা সময় আসবে যখন আর ইশারা ভাষা ব্যাখ্যা করার জন্য কাউকে দায়িত্ব নিতে হবে না। সেই লক্ষ্যেই প্রশিক্ষণের ব্যবস্থা। গত জানুয়ারি থেকে যে ৩৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আয়োজক সংগঠন এসডিএসএলের পরিচালক এম আই চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলা ইশারা ভাষা অন্যান্য দেশের সঙ্গে পুরোপুরি মেলে না। তবে এ দেশের বাক ও শ্রবণপ্রতিবন্ধীরা নিজেদের মতো করে ভাষা তৈরি করে নিয়েছে। সেই ভাষাটাকেই এখন প্রমিতকরণের চেষ্টা চলছে। তিনি বলেন, একসময় ইশারা ভাষা সম্পর্কে বেশির ভাগ মানুষ জানত না। রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে জায়গা করে দেওয়ার পর থেকে ইশারা ভাষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বেড়ে গেছে। এসডিএসএলের সংগঠক ওসমান খালেদ ইশারা ভাষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সভায় আগামী বছর থেকে ১ ফেব্রুয়ারিকে ইশারা ভাষা দিবস পালনের দাবি জানানো হয়। আলোচনা শেষে মহিলা বধির সংস্থার শিরিন বেগম এবং ওসমান খালেদ প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন।