ইশারায় ভোট চান হাজি সেলিম
>

হাজি সেলিম কথা বলতে পারেন না। হাতের ইশারায় ভোট চাইছেন। বড় পরিসরে মাঠে নামতে পারেননি ঐক্যফ্রন্টের প্রার্থী।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। কথা বলতে পারেন না। তবে নৌকা প্রতীক নিয়ে প্রচারের মাঠে তাঁর সমর্থকদের সরব উপস্থিতি। সমর্থকদের সঙ্গে করে তিনি লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। হাত-মাথা নেড়ে ভোট চাইছেন নৌকা প্রতীকে। হাঁকডাক, স্লোগানে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন তাঁর সমর্থকেরা।
তবে এই আসনে এখনো বড় পরিসরে প্রচারণায় নামতে পারেননি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কর্মীরা। তাঁরা জানান, এই আসনে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এখনো সমন্বয় করতে পারেননি মোস্তফা মোহসীন। ফলে মাঠ গোছাতেই হিমশিম খাচ্ছেন তিনি।
লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার একাংশ নিয়ে ঢাকা-৭ আসন। বর্তমান সাংসদ হাজি মোহাম্মদ সেলিম। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনী এলাকার রাস্তাঘাট, অলিগলি নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। প্রতিদিনই চলছে হাজি সেলিমের প্রচার-প্রচারণা। তিনি নিজে প্রতিদিন একাধিক প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাতের ইশারায় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইছেন। কোনো বিষয়ে ভোটারদের বোঝাতে সমস্যা হলে ব্যক্তিগত সহকারীর সহায়তা নিচ্ছেন।
গতকাল রোববার বিকেল ও রাতে হাজি সেলিম লালবাগে প্রচারণা চালিয়েছেন। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলমত-নির্বিশেষে ঢাকা-৭ আসনের সবাই হাজি সেলিমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দলের নেতা-কর্মীরাও রাতদিন তাঁর জন্য পরিশ্রম করছেন। আশা করি তিনি বিপুল ভোটে এই আসনে ফের সাংসদ নির্বাচিত হবেন।’
প্রচারে পিছিয়ে ঐক্যফ্রন্ট
১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার সাত দিনের মধ্যে গত শুক্রবার আজিমপুর এলাকায় গণসংযোগ করেছেন মোস্তফা মোহসীন। এরপর তিনি ঢাকা-৭ আসনে গণসংযোগ করেছেন কি না, তা বিএনপির তৃণমূলের কেউ স্পষ্ট করে বলতে পারেননি। গতকাল মোস্তফা মোহসীনকে মুঠোফোনে কল দিয়ে গণসংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। একপর্যায়ে মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
বিএনপির কর্মীরা জানান, এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করতেন সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু। তিনি ২০১৫ সালে মারা যান। এবার তাঁর স্ত্রী নাসিমা আক্তার এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাঁর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলামও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাঁকেও দল প্রার্থী করেনি। বৃহত্তর স্বার্থে গণফোরামের নেতা মোস্তফা মোহসীনকে এই আসনে প্রার্থী করেছে ঐক্যফ্রন্ট।
নাম প্রকাশ না করার শর্তে লালবাগ থানা বিএনপির এক নেতা বলেন, পুরান ঢাকার ভোটাররা স্থানীয় বাসিন্দাদের বিশেষ প্রাধান্য দেন। মোস্তফা মোহসীন কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও বিএনপির স্থানীয় কর্মীদের সঙ্গে তাঁর তেমন পরিচয় নেই। আর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের ভয়ে স্থানীয় নেতা-কর্মীরা গা ঢাকা দিয়ে আছেন। তাঁরা সরাসরি প্রচারে নামছেন না।
চকবাজারের ইমামগঞ্জ এলাকার একটি চায়ের দোকানে বিএনপির সমর্থক আনোয়ার হোসেন, আলী আহসান, তৌহিদুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা তিনজনই ঢাকা-৭ আসনের ভোটার। আলাপকালে তাঁরা বলেন, নির্বাচনের আগে দেশের প্রধান দুই দলের সমর্থকেরা নিজ দলের প্রতীক নিয়ে মিছিল করেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, ভোট চান। কিন্তু এবার সে আমেজ পাওয়া যাচ্ছে না। একচেটিয়াভাবে আওয়ামী লীগই প্রচারণা চালাচ্ছে।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মোহসীন সীমিত আকারে প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি এই এলাকার স্থানীয় না হওয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কিছুটা সমন্বয়হীনতা আছে। অচিরেই সেটা কেটে যাবে।