ইসকনের মন্দিরের অধ্যক্ষের ওপর হামলা, স্মারকলিপি
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীসহ তিনজনের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে সংঘের সদস্যরা স্মারকলিপি দিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদস্য প্রেমাকান্ত দাস গত রোববার সন্ধ্যায় শহরের চৌধুরীবাজার এলাকায় অন্য সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা তুলতে যান। এ সময় ওই এলাকার সিরাজ নামের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে প্রেমাকান্ত মন্দিরে ফিরে গিয়ে বিষয়টি উদয় গৌর দাসকে জানালে তিনি কয়েকজন সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। সিরাজের কাছে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উদয় গৌর দাস (৪০), কৃপালু মাধব দাস (২৮) ও শ্যামল কান্ত দাস (২৪) আহত হন। তাঁদের সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার নয়জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।