ইসমাইল এখন ট্রেনে

বাড়ি থেকে পালিয়ে আসা শিশুটি এখন ট্রেনের যাত্রী। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যে ট্রেন ছেড়ে যায়, সেই ট্রেনেই সে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর আবার নেমে পড়ে। এরপর ঢাকাগামী ট্রেনে চড়ে আবার চলে আসে কমলাপুরে। প্রায় এক মাস হলো ট্রেনে চড়ছে সে।
ছেলেটির নাম ইসমাইল। বয়স ১০ বছর। দিনে ঘোরে ট্রেনে ট্রেনে। রাতে ঘুমায় কমলাপুরের স্টেশনে। ৯ মে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন ট্রেনে ওঠা শিশু ইসমাইল এসব কথা জানায়। ইসমাইলের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরে। তার বাবার নাম আবুল কালাম। মা জাহেরা বেগম। ইসমাইল বলছিল, গৌরীপুরের একটি মাদ্রাসায় পড়ে। বাবা-মাকে না বলে বেশ কিছুদিন আগে ট্রেনে করে ঢাকায় এসেছে।
ইসমাইলের পরনে ছিল লাল টি-শার্ট। খুব সুন্দর করে সে কথা বলে। ট্রেনে করে ঘুরতে ভালো লাগে তার। ইসমাইল বলছিল, বাড়ি থেকে তিন শ টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে সে চলছে। ইসমাইলের সঙ্গে ট্রেনে আরেক শিশুর দেখা মিলল। তার নাম মাজহারুল। জিজ্ঞাসা করার পর সে বলল, তিন মাস আগে সে ঢাকায় এসেছে। তার বাড়িও ময়মনসিংহের গৌরীপুরে। এখন সে কমলাপুর রেলস্টেশনে থাকে। ইসমাইলের সঙ্গে তার কমলাপুরে দেখা। একই জায়গায় বাড়ি তাদের। এখন একসঙ্গে তারা থাকছে। মাজহারুল জানাল, ইসমাইলের বাবা আবুল কালাম এলাকায় ব্যবসা করেন। তাদের আর্থিক অবস্থা ভালো।
ইসমাইল আর মাজহারুল কমলাপুর থেকে সেদিন ভোরে ট্রেনে ওঠে। এরপর ট্রেনের ভেতর ঘুরতে থাকে। ইসমাইল বলছিল, সব সময় তারা একসঙ্গে থাকে। যা কিছু কেনে তা নিজেরা ভাগ করে খায়। মাঝেমধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হয়। কিন্তু একসঙ্গে থাকে তারা। মাজহারুল বলল, ইসমাইলকে সঙ্গে নিয়ে শিগগিরই বাড়িতে যাবে। ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত যাওয়ার পর ইসমাইল ও মাজহার ট্রেন থেকে নেমে পড়ে। তখন দুজনই বলল, আবার তারা ঢাকার ট্রেনে করে কমলাপুরে আসবে। ইসমাইল বলল, মায়ের কথা খুব মনে পড়ছে। আর সে ঢাকায় থাকবে না। গৌরীপুরে বাবা-মায়ের কোলে ফিরে যাবে।
ময়মনসিংহের গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ইসমাইলের বিষয়টি তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। এ থানায় ইসমাইল নামের কোনো শিশুর হারিয়ে যাওয়ার বিষয়ে কোনো জিডি হয়নি।
রাজধানী কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার ওসি ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, ইসমাইলকে খুঁজে বের করে অবশ্যই তার বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো হবে।
শিশু ইসমাইলের বিষয়টি নিয়ে প্রথম আলো কথা বলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সঙ্গে। তিনি বলেন, ‘ইসমাইলকে খুঁজে বের করে তার বাবা-মায়ের কাছে বা নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা আমরা অবশ্যই করব।’