ইসরায়েলকে 'লাল কার্ড' প্রদর্শন

ফিলিস্তিনের গাজায় দখলদারি ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলকে ‘লাল কার্ড প্রদর্শন’ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অব বাংলাদেশ’ (পিএসএমবি) নামের একটি সংগঠন। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
রাষ্ট্রদূত তাঁর ই-মেইলে পাঠানো বক্তব্যে বলেন, ইসরায়েল আজ নিরপরাধ শিশু, নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যা করছে। এই গণহত্যা তাদের বর্বরতার নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। এ অবস্থায় মুসলিম বিশ্বসহ সব সম্প্রদায়কে এই নৃশংস হামলার নিন্দা জানানোর এবং জাতিসংঘকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
কর্মসূচির শুরুতেই একজন শিশু ‘ঢাকা প্রতিরোধ ঘোষণা’ পাঠ করেন। এতে বলা হয়, ইসরায়েলি গণহত্যা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়কে মনে করিয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করে বলা হয়, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো আমাদের ঐতিহাসিক দায়িত্ব। ইসরায়েলি আগ্রাসনে আহত শিশু-নারী ও সাধারণ জনগণের জন্য ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
অন্যান্য সংগঠনের প্রতিবাদ: ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘অ্যান্টি ওয়ার মুভমেন্ট বাংলাদেশ’ এবং ‘স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’ নামের দুটি সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি এ হামলা সাম্রাজ্যবাদী। বক্তারা ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর বিমান ও স্থল হামলা অবিলম্বে বন্ধ এবং অধিকৃত অঞ্চল ফিলিস্তিনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।