ইসরায়েলি এক নারী আইএসের নামে বিবৃতি দিয়ে থাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সম্প্রতি দেশে ভিন্নমতাবলম্বী কয়েকজনকে হত্যা, এরপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বরাতে ইন্টারনেটে দায় স্বীকার করে বিবৃতির প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, এসব হত্যাকাণ্ডের পরপরই আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে ইন্টারনেটে প্রচার করা হয়। ইসরায়েলের এক নারী একটি ওয়েবসাইট খুলে এই বিবৃতি দিয়ে থাকেন। ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আইএস কোনো কথা বলে না।
মানিকগঞ্জ পুলিশ লাইনস মাঠে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসন এই সমাবেশের আয়োজন করে। পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম প্রমুখ।
এর আগে বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেন আইজিপি। পরে তিনি জেলা পুলিশ বিভাগের সদস্যদের বিশেষ কল্যাণ সভায় যোগ দেন।