ইসরায়েলি হামলার প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে। রাজশাহীর প্রথম আলো বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে। ওই হামলার প্রতিবাদে গতকাল দিনাজপুরেও মানববন্ধন হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্ধুসভার মানববন্ধন চলে বিকেল চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা মনিরা রহমান, সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কবি আমিনা আনসারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বের এ হামলা বন্ধের জোর দাবি জানান।
এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরালিদের হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক রবিউল আউয়াল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাহারুল আজাদ, সংস্কৃতি কর্মী হারুন-উর রশিদ প্রমুখ।