ইসরায়েলিদের জন্য ঈশ্বর প্রতিশ্রুত ভূমির ধারণা রাজনৈতিক। ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় এর কোনো ভিত্তি নেই। কারণ ইসরায়েল যে ভূমিকে ঈশ্বর প্রতিশ্রুত ভূমি মনে করে, সেই কেনানে ওই সময় বিভিন্ন জাতির মানুষ বসবাস করত। ঈশ্বর ওই সব জাতির সঙ্গে ইহুদি সন্তানদেরও বসবাস করতে বলেছেন। এ ছাড়া ঈশ্বর যেসব ইহুদি সন্তানের কথা বলেছিলেন, বর্তমানে ইসরায়েলে বসবাসকারী ইহুদি এক নয়।ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ওপর ভিত্তি করে লেখা বই প্রমিজড ল্যান্ড-এ লেখক এ বিষয় তুলে ধরেন। সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোসলেহউদ্দিন আহমেদ বইটি লিখেছেন। এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টার বইটির প্রকাশনায় সহায়তা করে। অনুষ্ঠানের অতিথিরাও লেখকের লেখার সঙ্গে একমত পোষণ করেন।মোসলেহউদ্দিন বলেন, ‘প্রতিশ্রুত রাষ্ট্র’—এ ধারণা প্রচার পায় ১৯৬৭ সালের পর। ইসরায়েলে বসতি স্থাপনকারী ইহুদিদের বেশির ভাগই বিভিন্ন দেশ থেকে এসেছে। ঈশ্বর প্রতিশ্রুত ইহুদি সন্তানদের বেশির ভাগই প্রাকৃতিক দুর্যোগ বা ধর্মযুদ্ধে মারা গেছে। অনেকে নির্বাসনে চলে যায়। বেঁচে যাওয়া ইহুদিরা আরবদের সঙ্গে মিশে গেছে এবং তারা কখনোই পৃথক রাষ্ট্র চায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিলেও একে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। লেখক তাঁর বইয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের কথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বইটি কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ে পড়াশোনায় আগ্রহীদের জন্য বিশ্বকোষ হিসেবে ব্যবহার করা যাবে। ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক ফাহিম মুনয়েম বলেন, ফিলিস্তিন সমস্যা আন্তর্জাতিক রাজনীতির জটিল একটা বিষয়। তবে এ বইয়ে তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।