ইসলাম অবমাননার বিরুদ্ধে শাস্তির বিধান রেখে আইন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে হেফাজতে ইসলাম এই সমাবেশ ডাকে।গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের লালদীঘি মাঠে এই সমাবেশ হয়। সমাবেশের আগে বেলা একটা থেকেই ট্রাক ও বাসে করে মাঠে জড়ো হতে থাকেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। সমাবেশে আগত ব্যক্তিরা ছিলেন মূলত চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া, ফটিকছড়িসহ বিভিন্ন উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থী।সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সৈয়দ আহমদ শফি বলেন, ‘সরকারের প্রতি আহ্বান, ইন্টারনেটের মাধ্যমে যেন ইসলাম ও মহানবী (সা.)-এর প্রতি অবমাননাকর কোনো ছবি প্রকাশ করা না হয়।’সমাবেশে হাইলদর মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মালেক হালিম বলেন, ‘আমরা জঙ্গি-সন্ত্রাসী নই। আমরা মুজাহিদ। স্যাম বাসিলের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই ইমানি আন্দোলন চলবে।’হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘রামু ও পটিয়ায় বৌদ্ধবিহারে হামলার প্রতিবাদ করি। এ ঘটনার মদদদাতা সরকার।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজাদী বাজার মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ, হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দেছ মমতাজুল করিম, হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহফুজুল হাসান ও মাওলানা সেলিম, লালখান বাজার মাদ্রাসার শিক্ষক হারুন বিন ইজাহার, হেফাজতে ইসলামের নেতা মাজহারুল হক, গোলাম রব্বানী, কারি ইদ্রিস, সেলিম উদ্দিন, শিহাব উল্লাহ প্রমুখ।